স্কুল ফিডিংয়ে মিষ্টি আলু

দক্ষিণাঞ্চলে উত্পাদিত আলু, মিষ্টি আলু ও সবজি উত্পাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ আয় বৃদ্ধির লক্ষ্যে লক্ষাধিক কৃষক পরিবারকে যুক্ত করতে কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সংস্থার গৃহীত এ প্রকল্পের অধীনে গত বৃহস্পতিবার উজিরপুর উপজেলার জল্লা প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ভিটামিন এ সমৃদ্ধ কমলা রঙের সিদ্ধ মিষ্টি আলু বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমদ। প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল। বিশেষ অতিথি ছিলেন জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ, প্রকল্প প্রধান ড. শওকত আরা বেগম, সেক্টর লিডার ড. শফিউর রহমান সোহাগ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন থাকার বিষয় ছাড়াও মিষ্টি আলুর পুষ্টিগুণ বিষয়ে ধারণা দিয়ে ১৫৬ জন শিক্ষার্থীকে কমলা রঙের সিদ্ধ মিষ্টি আলু খাওয়ানো হয়। এ সময় শিক্ষার্থী এ আলুর গুণগত মান সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন সংস্থার কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলে আলু, মিষ্টি আলু ও সবজি উত্পাদন বেশ সাফল্য পেয়েছে। এ উত্পাদন আরো বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধির লক্ষ্যে লক্ষাধিক কৃষক পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ কৃষকের আয় বৃদ্ধির এ প্রকল্পটি পরীক্ষামূলক শুরু হয়েছে। ইউএসএইড হর্টিকালচার প্রকল্প সিআইপি/ এভিআরডিসি বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়নে ব্র্যাককে সহযোগিতা করছে।