পীরগঞ্জে আদিবাসীদের বেহাত হওয়া সম্পত্তি উদ্ধার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৩, ১৯:৫১
সাঁওতাল আদিবাসীদের মালিকানাধীন সম্পত্তি বেহাত হওয়ার ৪০ বছর পর ইএসডিও’র সহায়তায় পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের ৪ আদিবাসীর ৯ বিঘা সম্পত্তি ভূমিদস্যুর হাত থেকে উদ্ধার করা হয়েছে। গত ৬ জুন জবরদখলকারী আব্দুল জলিল আনুষ্ঠানিকভাবে মূল মালিকদের কাছে জমির দখল ছেড়ে দেন।
জানা যায়, সেনগাঁও ইউপি’র দস্তমপুর গ্রামের সাঁওতাল আদিবাসী ঢেনা সরেণ, লক্ষ্মীরাম সরেণ, শুকু সরেণ ও সময় সরেণ-এর ১৪১৪ নং দাগের ২৯ শতক, ১৪১৯ নং দাগের ১ একর ২৩ শতক, ১৪২০ নং দাগের ১ একর ৫ শতক ও ১৪২১ নং দাগের ২৮ শতক সম্পত্তি স্বাধীনতা উত্তর কাল থেকে অবৈধভাবে একই গ্রামের আজিজার রহমানের পুত্র আব্দুল জলিল ভোগদখল করে আসছিল। বিষয়টি নিয়ে ২০০৮ সালে ইএসডিও’র উদ্যোগে জমি উদ্ধারের তত্পরতা শুরু হয়ে দীর্ঘ দেন-দরবার ও সালিশি শেষে গত ৬ জুন বেহাত হওয়া উক্ত সম্পত্তি সংশ্লিষ্ট ৪ আদিবাসীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রকল্পের কো-অর্ডিনেটর শাহ মো. আমিনুল হক, প্রকল্পের আইনজীবী মো. ইমরান আলী, দৈ.লোকায়ন প্রতিনিধি আজম রেহমান, সিএফ বিলাস পাল, সিএফ জিল¬ুর রহমান, আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমরমসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।