নড়াইলে জেলা বাজেট ঘোষণার দাবি
মো. তারিকুজ্জামান, নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০১৩, ১৯:৫১
নড়াইল জেলা উন্নয়ন বরাদ্দের জন্য ৩৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে “জাতীয় বাজেট ২০১৩-১৪ : তৃণমূলের পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র নড়াইল জেলা কমিটির আয়োজনে সমপ্রতি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাসচন্দ্র বোস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব.) প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর, সাংবাদিক মলয়কান্তি নন্দী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ। তৃণমূল বাজেট ২০১৩-১৪-এর পর্যালোচনাপত্র উপস্থাপন করেন সুপ্র নড়াইল জেলা কমিটির সম্পাদক কাজী হাফিজুর রহমান। তৃণমূল বাজেট পর্যালোচনা সভায় বক্তারা পুরাতন ফেরিঘাট পয়েন্টে দ্রুত ফুটব্রিজ বাস্তবায়ন, প্রস্তাবিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্ম এলাকায় প্রতিষ্ঠিত কলেজটি দ্রুত এমপিওভুক্তকরণ, আব্দুল সিটি কলেজকে সরকারিকরণ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সকল বিষয়ে অনার্স, মাস্টার্স চালুসহ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করাসহ ৩৪ দফা দাবি আদায়ের জন্য সর্বসম্মতভাবে জেলার স্থানীয় জনগুরুত্বপূর্ণ ইস্যুসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রস্তাবনা জাতীয় বাজেট ২০১৩-১৪ অন্তর্ভুক্ত করে নড়াইল জেলা বাজেট ঘোষণার দাবি জানান।