স্পোর্টস রিপোর্টার
আগামী ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে খেলার সূচি ঠিক করা ছিল। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর আয়োজনের সব পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি। তাই শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে জুলাইয়ে এগিয়ে আনতে লঙ্কান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিল খোদ বিসিবি। শ্রীলঙ্কাও সম্মত হয়েছে জুলাইয়ে বাংলাদেশকে আতিথ্য দিতে।
যদিও বিশ্বকাপের পরপরই মাশরাফিদের শ্রীলঙ্কা সফরে যাওয়াটা চূড়ান্ত নয়। ঝুলে গেছে সফরটা। সেটা শ্রীলঙ্কার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে। গত মাসেই শ্রীলঙ্কায় বোমা হামলা হয়েছে। কলম্বোর কয়েকটি গীর্জা, হোটেলে বোমা বিস্ফোরণ হয়েছে। যে হামলায় ৩০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। তার পর থেকেই ভ্রমণার্থীদের জন্য শ্রীলঙ্কা স্পর্শকাতর জায়গা হয়ে গিয়েছে।
এই নিরাপত্তা ঝুঁকির কারণেই এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কায় এখন ক্রিকেট খেলার মতো অবস্থা নেই। গতকাল গুলশানে নিজ বাসভবনে টাইগারদের লঙ্কা সফর নিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘শ্রীলঙ্কা সফর নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা ছিল একটাই; ওদের দেশের এখন যে পরিস্থিতি তাতে আমাদের দলের এই মুহূর্তে যাওয়ার সম্ভাবনা নেই। তাদের সাথে আমাদের যে পরিকল্পনা ছিল সব কিছুই আছে কিন্তু এখন পরিস্থিতি যা যাওয়ার মতো নেই। এটা বাংলাদেশ না, যে কোনো দলের জন্যই প্রযোজ্য।’
ভবিষ্যতেও শ্রীলঙ্কার হামলার শঙ্কা রয়েছে। দেশটির সরকার ইতোমধ্যে ভ্রমণার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুযোগও বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি নেই খোদ লঙ্কানদের মাঝেই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি নাজমুল হাসান পাপনকে বলেছেন, আরো হামলা হতে পারে দেশটিতে।গতকাল বিসিবি সভাপতি বলেছেন, ‘স্বয়ং শ্রীলঙ্কার প্রেসিডেন্টই বলছে ওদের দেশে আবার হামলার সম্ভাবনা আছে। অতএব যেহেতু ওরাই বলছে হামলার সম্ভাবনা আছে তাই মুহূর্তে সফরের সুযোগ নেই। যদি পরিস্থিতি শান্ত হয় এবং তারা যদি আমাদেরকে আশ্বস্ত করে যে, সব ঠিক আছে, আমাদের যদি সিকিউরিটি ইন্টিলিজেন্স যদি ক্লিয়ারেন্স দেয় তখন দেখব যাওয়া যায় কী না।’
নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন কয়েকদিন আগে বলেছিলেন, শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। সংশ্লিষ্ট সবার অনুমতি পেলে সফরে যাবে বাংলাদেশ দল। আর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, সফরের আগে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বিসিবি। তবে গতকাল বিসিবি সভাপতির ভাষ্য বলছে, জুলাইয়ে টাইগারদের শ্রীলঙ্কা সফর না হওয়ার সম্ভাবনাই এখন বেশি।