পর্যুদস্ত তাহিতির প্রশংসায় স্পেন কোচ

স্পেন কোচ ভিসেন্ট ডেল বস্ক তাহিতির বিরুদ্ধে ১০-০ গোলে জয়ের পরও বিপক্ষের খেলোয়াড়ী মনোভাবের প্রশংসা করেছেন। অপরদিকে তাহিতি কোচ এডি এটায়েটা মনে করেন তার দল কনফেডারেশন্স কাপে স্পেনের কাছে পর্যুদস্ত হলেও দর্শকদের ‘মন জয় করেছে’। ফিফার বিশ্ব র্যাংকিংয়ে স্পেনের চাইতে ১৩৭ ধাপ নিচে অবস্থান করা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটি কোচ ভিসেন্ট ডেল বস্কের দলের কাছে গত বৃহস্পতিবার রাতে পুরোপুরি পর্যুদস্ত হয়। ফার্নান্দো তোরেস একাই চার গোল দেন। অপর গোলগুলো করেন ডেভিড ভিয়া (তিনটি), ডেভিড সিলভা (দুইটি) ও জুয়ান মাতা। এমন জয়ের পরও স্পেন কোচ বলেন, ‘তারা ছিল খেলোয়াড়ী মানসিকতায় পরিপূর্ণ। তারা সত্যি পরিচ্ছন্ন খেলেছে এবং যখনই বল পেয়েছে আমাদের বিরুদ্ধে আক্রমণ শানানোর চেষ্টা চালিয়েছে। তারা ভালো প্রতিপক্ষ। এটা সত্যি যে, পেশাদার ও সৌখিন ফুটবলের মধ্যে ফারাক অনেক। তাই প্রতিটি দলের প্রতি সম্মান রেখেই আমি মনে করি আজ ফুটবলের দুর্বলতা নয়, শক্তিপনাই ফুটে উঠেছে।’ তাহিতি কোচ এডি নিজে অবশ্য এ পরাজয়কে দেখছেন দার্শনিক কেতায় এবং তার বিশ্বাস খেলোয়াড়রা দর্শকদের মন জয়ের লক্ষ্য অর্জন করেছে। তিনি খেলা শেষে সাংবাদিকদের বলেন, ‘১০-০ গোলে বিধ্বস্ত হওয়াটা কঠিন এক ব্যাপার। তারপরও আমার খেলোয়াড়রা ফুটবল খেলার চেষ্টা করেছে। তারা যতটা সম্ভব নিজেদের সেরাটা দেখানোর চেষ্টা চালিয়েছে। তবে একটা সময়ে আপনাকে তো নিজের গোল ব্যবধান রক্ষার চেষ্টা চালাতেই হয়।’ তিনি আরো বলেন, ‘মারাকানার দর্শকদের দিক থেকে আমাদের প্রতি সমর্থন ছিল অকুণ্ঠ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ব্রাজিলের মানুষের হূদয়ে পৌঁছাতে চেয়েছিলাম এবং আমি মনে করি আমরা সেটা করতে পেরেছি। তাই আমি ব্রাজিলের দর্শকদের ব্যাপকভাবে ধন্যবাদ জানাতে চাই।’ এরই মধ্যে এডি তাহিতির জনগণের প্রতি খেলাটিকে সেদেশে আরো বেশি করে গ্রহণের জন্য আবেদন জানান। শুধু তাই নয়, তিনি আশা করেন দীর্ঘমেয়াদে এটি উপকার বয়ে আনবে। এ প্রসঙ্গে তার বক্তব্য—‘সত্যি বলতে কি, তাহিতিতে নিজের দেশের চাইতে এখানে ব্রাজিলে আমরা বেশি পরিচিত। আমি আশা করি তাহিতি ফিরে যাওয়ার পর নিজের দেশের জনগণের কাছ থেকে আমরা আরো বেশি স্বীকৃতি ও সমর্থন পাবো।’ কনফেডারেশন্স কাপে ‘বি’ গ্রুপের খেলায় তাহিতি আগামীকাল রবিবার উরুগুয়ের মুখোমুখি হবে।