মালির জঙ্গিদের অস্ত্র বিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার মালির সরকার ওতুয়ারেগ বিদ্রোহীদের মধ্যকার অস্ত্র বিরতি মেনে চলার জন্যসশস্ত্র গোষ্ঠিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার বার্কিনা ফাসোতে মালির অস্থায়ী সরকার এবং তুয়ারেগ সংগঠন ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদ (এমএনএলও) ও হাই কাউন্সিল ফর দা ইউনিটি অব আজাওয়াদ (এইচসিইউএ) র মধ্যে এই অস্ত্র বিরতি চুক্তি হয়েছে। জাতিসংঘের ১৫ জাতির এই কাউন্সিল একে স্বাগত জানিয়েছেন। সমঝোতা অনুযায়ী মালির সরকারি বাহিনী তুয়ারেগ নিয়ন্ত্রিত শহর কিদালে যেতে পারবে। যাতে করে জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষকে অবশ্যই এই অস্ত্র বিরতি মেনে চলতে হবে।