কাওড়াকান্দি-মাওয়া নৌরুট

৫ মাসে স্পিডবোট দুর্ঘটনায় প্রাণহানি ৬

মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি-মাওয়া নৌপথে অহরহ ঘটছে স্পিডবোট দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। অদক্ষ চালকদের কারণেই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে নদীতে স্পিডবোট চলাচলে প্রাণহানির মতো ঘটছে দুর্ঘটনা। এমন অভিযোগ কাওড়াকান্দি ঘাট সংশ্লিষ্ট সাধারণ মানুষ ও যাত্রীদের। এসব প্রাণহানি আর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতে চলাচল বন্ধ হচ্ছে না অবৈধ দ্রুতগতির এসব নৌযানের। হিসাব করে দেখা গেছে, প্রতিটি দুর্ঘটনাই ঘটেছে রাতের বেলা। গত ছয় মাসে এ নৌরুটে স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ জন ও আহত হয়েছেন অসংখ্য যাত্রী। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাসুদ খান বলেন, পুলিশের একটি দল কাওড়াকান্দি ঘাটে নিয়মিত টহল দিচ্ছে। ঘাট থেকে সন্ধ্যার পর যাত্রী পারাপারের কোনো সুযোগ নেই। তবে মাওয়া থেকে আসা কিছু বোট মাঝ পদ্মায় লঞ্চ থেকে কম টাকায় যাত্রী উঠায়। মূলত এসব বোটই দুর্ঘটনার কবলে পড়ে। এ ব্যাপারে যাত্রীদেরও সচেতন হতে হবে। মাঝ পদ্মায় লঞ্চ থেকে স্পিডবোটে উঠা খুবই ঝুঁকিপূর্ণ। ওসি বলেন, ঘাটে গিয়ে এসব বিষয়ে যাত্রী সচেতন করা হচ্ছে।