চাটমোহরে শিক্ষক প্রহারের প্রতিবাদ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:১০
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নবীর উদ্দিনকে মারপিটের ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পার্শ্বডাঙ্গা বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, স্কুলের সভাপতি মোঃ আজাহার আলী, আওয়ামী লীগ নেতা শমসের আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ নেতা আসাদুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান শিক্ষককে মারপিট করা ও স্কুলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। প্রসঙ্গত পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিয়োগের জন্য ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা রবিউল করিম তারেক প্রধান শিক্ষককে চাপ দেন। এরই জের ধরে গত সোমবার ইউপি চেয়ারম্যানের নির্দেশে আতিকুর, জাকির, নয়ন, বর্ষণ প্রমুখের নেতৃত্বে একদল সশস্ত্র যুবদল ও ছাত্রদল কর্মী স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে হামলা চালিয়ে প্রধান শিক্ষককে মারপিট করে আসবাবপত্র ভাংচুর করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এ ব্যাপারে চাটমোহর থানায় ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।