হাজীগঞ্জে এক পরিবারে ৩ জন ক্যান্সারে আক্রান্ত

হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় জুট মিল সংলগ্ন কুট্টি মিয়ার বাড়িতে এক পরিবারে তিন জন ক্যান্সার রোগে আক্রান্ত। এরা হলেন, মো. আনু মিয়া, তার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে মো. রফিকুল ইসলাম। অর্থাভাবে তাদের উন্নত চিকিত্সা হচ্ছে না। ইতোমধ্যে তাদের সহযোগিতার জন্য ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম অভি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন মুন্সী একটি তহবিল সংগ্রহে নেমেছেন। তাদের মোবাইল নম্বর- ০১৭২৯৭১৩৪২৭, ০১৭২৭৮১২৬৬৪। জানা গেছে, প্রথমে ক্যান্সারে আক্রান্ত হয় মো. আনু মিয়ার ছেলে মো. রফিক। তারপর মো. আনু মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আনু মিয়া ও তার ছেলে পেশায় রিকশাচালক। রফিক গত এক বত্সর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত রফিক তার সহায়-সম্বল শেষ করে জীবন বাঁচাতে চিকিত্সা করে। তবুও শারীরিক অবস্থা উন্নতি না হয়ে আরো অসুস্থ হয়ে পড়ে। ইতোমধ্যে তাদের পাশে এগিয়ে এসেছে এলাকার স্থানীয় লোকজন। তার চিকিত্সার পিছনে এ পর্যন্ত প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। এদিকে মো. আনু মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগমও ক্যান্সারে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। হতদরিদ্র এই পরিবারটি তাদের চিকিত্সা চালাতে পুরোদমে হিমশিম খাচ্ছে।