গোপালপুরে নির্মিত হতে যাচ্ছে বিদ্যুত্ সাবস্টেশন
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:১৫
গোপালপুর উপজেলার পৌনে এক লক্ষ বিদ্যুত্ গ্রাহকের নিদারুণ দুর্ভোগ ও ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ১০ এমভিএর একটি সাবস্টেশন এবং ৩০ কিলো ৩৩ কেভি ও ব্যাকবোন লাইন নির্মিত হওয়ায় বিদ্যুত্ সঞ্চালন ও বিতরণে সুবিধা হচ্ছে।
জানা যায়, ১৯৭৪ সালে গোপালপুর পৌরসভায় পিডিবি প্রথম বিদ্যুত্ সরবরাহ করে। ১৯৮৯ সালে পল্লী বিদ্যুত্ গ্রামাঞ্চলে প্রথম বিদ্যুত্ সরবরাহ শুরু করে। উপজেলা চেয়ারম্যান ইউনুস তালুকদার জানান, গোপালপুরে বিদ্যুতের সাবস্টেশন এবং ৩৩ কেভি লাইন না থাকায় ধনবাড়ি উপজেলার হাজরাবাড়ি এবং ঘাটাইল উপজেলার শাহপুর সাবস্টেশন থেকে বিদ্যুত্ সরবরাহ পেতে দুর্ভোগ পোহাতে হতো। সারা বছর রাতদিনে ৫/৬ ঘণ্টার বেশি বিদ্যুত্ পাওয়া যেত না। ফলে সেচ ব্যবস্থায় অচলাবস্থা দেখা দেয়। সাবস্টেশন নির্মাণের ফলে বিদ্যুত্ গ্রাহকদের মধ্যে বিপুল উত্সাহের সঞ্চার হয়েছে বলে জানান তিনি। পল্লী বিদ্যুতের ডিজিএম দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পিডিবির জামালপুর গ্রিড থেকে ৩৩ কেভি লাইনের মাধ্যমে সরাসরি বিদ্যুত্ পাওয়ার সুযোগ গোপালপুর উপজেলা ছাড়াও ভূঞাপুর উপজেলার গ্রাহকরা ভোগ করবেন।