টাঙ্গাইলে মৃত্যুরহস্য বের করার দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলে রাজমিস্ত্রি আব্দুল খালেকের মৃত্যুরহস্যকে কেন্দ্র করে আবার উত্তাল হয়ে উঠেছেন জেলার শ্রমিকরা। পুলিশের নির্যাতনে খালেকের মৃত্যু হয়েছে উল্লেখ করে হত্যারহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার দাবিতে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে শ্রমিকরা। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সমর্থনে টাঙ্গাইল জেলা রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন সকালে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রম, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি, শ্রমিক নেতা আব্দুল কদ্দুস, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ। গত ৩০ মে একটি ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশ রাজমিস্ত্রি আব্দুল খালেককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। গত ২ জুন গভীর রাতে কারা হাসপাতালে মৃত্যু হয় আব্দুল খালেকের। পুলিশের দাবি, সে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ, পুলিশী নির্যাতনের ফলে মৃত্যু হয় তার। ঘটনার পরদিনই এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানান। সে সময় দুইদিন রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিকরা ধর্মঘট পালন করেন। তাকে হত্যার প্রতিবাদসহ সুষ্ঠু তদন্তের দাবিতে এই ধর্মঘট পালন করা হয়।