ভারতে ফিরতে চেয়ে ঢাকাকে চিঠি অনুপ চেটিয়ার

বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আবেদন ফিরিয়ে নিচ্ছেন আসামের জঙ্গি সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। রাজশাহী কারগারে বন্দি চেটিয়া এইমর্মে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারকে। তাতে দুই সঙ্গীসহ ভারতে ফিরে যাওয়ার অনুমতিও চেয়েছেন এই নেতা। খবর আনন্দবাজার-এর। চেটিয়া ১৯৯৭ সালে ঢাকার একটি আশ্রয় থেকে গ্রেফতার হন। বাংলাদেশে বেআইনিভাবে বসবাস, জাল পাসপোর্ট ও বিদেশি মুদ্রা রাখার অপরাধে তার সাত বছর কারাদণ্ড হয়। ২০০৪ সালে কারাবাসের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে রাজনৈতিক আশ্রয় চেয়ে তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন। পাশাপাশি রাষ্ট্রদ্রোহ ও নানা গুরুতর অপরাধে বিচারের জন্য তাকে দেশে ফেরানোর দাবি জানায় দিল্লি। এই পরিস্থিতিতে ঢাকার কোনো সরকারই চেটিয়ার আবেদন গ্রহণ করেনি। সরকারি সূত্রে জানা গেছে, গত মে মাসে চেটিয়া রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আগের আবেদন ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। চেটিয়া চিঠিতে লিখেছেন, জেলে থাকা দুই সহচর লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে নিয়ে এবার তিনি দেশে ফিরতে চান। সরকার যেন তার অনুমতি দেন। ২১ মে কারা কর্তৃপক্ষ চেটিয়ার চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার চেটিয়ার এই দেশে ফেরার আবেদন ঝুলিয়ে রাখার পক্ষপাতী নন। কারণ চেটিয়া দেশে ফিরলে দিল্লি ও ঢাকার মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যার মীমাংসা হয়ে যাবে।