রাজসিক ওপেনারের রাজসিক বিয়ে

ব্যাটিংয়ের ঢঙ বরাবরই রাজসিক। বাইশ গজি ক্রিজে বোলারদের ঘুম হারাম করে দেন রাজকীয় ভঙ্গিমায়। ক্রিজে তখন দোর্দাণ্ড প্রতাপে চলে তার রাজকীয় শাসন! ক্রিকেট মাঠের এ রাজা আর কেউ নন! জাতীয় দলের দুরন্ত ওপেনার তামিম ইকবাল খান। জীবনের দ্বিতীয় ইংনিসও তিনি শুরু করতে যাচ্ছেন রাজকীয়ভাবে! বন্দরনগরীর কাজীর দেউড়ি মোড়ে আসলে ঠিকই টের পাওয়া যায় রাজসিক বিয়ের আমেজ। হরেক রকমের বাতিতে সাজানো হয়েছে কাজীর দেউড়ির তামিমদের বাড়ি। সে বাড়িতেই দীর্ঘদিনের মনের মানুষ আয়েশা সিদ্দিকীকে আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘরে তুলতে যাচ্ছেন হাজারো তরুণীর প্রিয় মুখ তামিম। অনুষ্ঠানের পরতে পরতে রয়েছে বর্ণাঢ্য ও বর্ণিল সব আয়োজন। রাজসিক এ বিয়ের খরচ ধরা হয়েছে প্রায় পৌনে তিন কোটি টাকা। তামিমের মা নুসরাত ইকবাল পুত্রবধূকে দিচ্ছেন ৫০ ভরি স্বর্ণালংকার। আর বিয়ের কাবিন ধরা হয়েছে ৫০ লাখ টাকা। চট্টগ্রামের বিখ্যাত ফুটবলার প্রয়াত ইকবাল খান ও নুসরাত ইকবালের কনিষ্ঠ ছেলের শুভ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কোনো ধরনের কার্পণ্য করছেন না ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী খান পরিবার। পুরো খান পরিবার জুড়ে আজ উত্সবের আমেজ। সবাই বিভোর হয়ে আছেন তামিমের বিয়ের উত্সবে। উত্সবের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করার জন্য মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়েছে প্রফেশনাল ফটোগ্রাফার। আবার গায়ে হলুদের সন্ধ্যায় সুরের ধারায় অতিথিদের মুগ্ধ করার জন্য আছেন পার্শ্ববর্তী ভারত থেকে আসা এক ঝাঁক শিল্পী। ক্রীড়াজগতের আলোচিত এ বিয়েতে অতিথি হিসেবে দাওয়াত দেয়া হয়েছে প্রায় চার হাজার অতিথিকে। দেশের ক্রীড়াঙ্গনের ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ এ বিয়ে ও গায়ে হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ক্লাবের টেনিস গ্রাউন্ড কমপ্লেক্সে। হবু স্ত্রীর জন্য কেনাকাটা করেছেন তামিম নিজেই। উড়ে গেছেন মুম্বাইয়ে। নিয়ে এসেছেন প্রিয় মানুষটির জন্য শাড়ি। তারও দাম কমপক্ষে লাখ টাকার ওপরে। মনের মানুষকে সুখী করতে হাত খুলে খরচ করছেন এ মারকুটে ব্যাটসম্যান। তামিম ইকবালের নিকট আত্মীয় ও বিসিবির সাবেক পরিচালক আলমগীর মো. সিরাজুদ্দীন বলেন, ‘বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। বিয়ের উত্সবকে বর্ণিল ও বর্ণাঢ্য করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ ভোজনরসিক হিসেবে চট্টগ্রামবাসীর খ্যাতি আছে দেশজুড়ে। চাটগাঁওর এ আলোচিত বিয়ের রান্নার দাওয়াত পেয়েছেন ঢাকার ইকবাল বাবুর্চি। কাচ্চি বিরিয়ানিসহ দশ পদের আইটেম থাকবে খাবার মেন্যুতে। এর আগে বৃহস্পতিবার ইকবাল খানসহ পরিবারের প্রয়াত পাঁচ ব্যক্তির স্মরণে আয়োজন করা হয়েছিল মেজবান। প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয় এ মেজবানের। নগরীর লেডিস ক্লাবে আয়োজিত এ মেজবানে খাওয়ানো হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষকে। গরুর মাংস, চনার ডাল ও নলার ঝোল পরিবেশন করা হয় এ মেজবানে। —বাংলা নিউজ