প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল গণশোভাযাত্রা করবে আওয়ামী লীগ
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:৫৫
আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আগামীকাল ২৩ জুন স্মরণকালের বৃহত্ গণশোভাযাত্রা করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঐদিন বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এটি শাহবাগ, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি ও কলাবাগান হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে দলটির। প্রায় দুই যুগ পর দলটির নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। প্রতিষ্ঠাকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দী শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও অসামপ্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়। নতুন নাম হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। স্বাধীনতার পর ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম হয় দলটির।