‘কুড়িগ্রামের উন্নয়নে একটি প্রকল্পও নেয়া হয়নি’

জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) এ, কে, এম মাঈদুল ইসলাম বলেছেন, দেশের সবচেয়ে দরিদ্র জেলা হচ্ছে কুড়িগ্রাম। বর্তমান সরকারের মেয়াদ এখন শেষের দিকে। অথচ কুড়িগ্রামের ব্যাপারে একটি প্রকল্পও নেয়া হয়নি যাতে করে এলাকার মানুষের উন্নয়ন হয়। মাঈদুল ইসলাম বলেন, কুড়িগ্রামের মানুষ বছরের মধ্যে সাত থেকে আট মাস বেকার থাকে। এ কারণে গ্রামাঞ্চলে ব্যাপকভাবে কুটিরশিল্প স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, এলাকা ভিত্তিক উত্পাদিত পণ্যের শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমে বঞ্চিত ও পিছিয়ে পড়া বিরাট জনগোষ্ঠীকে রক্ষা করা সম্ভব। তিনি বলেন, উলিপুর পৌরসভার পৌরকর দেয়ার মত অর্থনৈতিক অবস্থা অধিকাংশ লোকের নেই। ইউনিয়ন পরিষদ সরকারিভাবে যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকে পৌরবাসী তাও পায় না। পৌর এলাকায় নাগরিক সুবিধা প্রদানের জন্য এডিপি বরাদ্দ দেয়া প্রয়োজন।