আদিবাসীরা জাতীয় ও ধর্মীয় উভয় দিক দিয়েই বঞ্চিত
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:৫৫
আদিবাসীরা জাতীয় এবং ধর্মীয় উভয় দিক দিয়েই বঞ্চিত এবং অবহেলিত। ভূমি দখলের নামে আদিবাসীদের উপর হত্যা নিপীড়ন ও নারী নির্যাতন চলছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আদিবাসীদের সাংবিধানিক রক্ষাকবজ নেই বলে দুর্বৃত্তরা আদিবাসীদের উপর বারবার আক্রমণ করবার সুযোগ পায় বলে দাবি করেছেন সাংবাদিক সম্মেলনে বক্তারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত ৬ জুন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বসবাসকারী আদিবাসীদের উপর সামপ্রদায়িক সংঘর্ষের তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মূল প্রতিবেদন পাঠ করেন আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশনের (এনসিআইপি)’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেসবাহ কামাল।
তিনি প্রকৃত দোষীদের চিহ্নিত করার জন্য সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানান। এসময় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ভূমিগ্রাসীদের অত্যাচারে অনেক আদিবাসী দেশান্তরিত হচ্ছে। এমনকি ধর্মান্তরিতও হচ্ছে। সমতলের আদিবাসীদের ভূমি রক্ষাতে আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানান তিনি। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মি. সঞ্জিব দ্রং্ আদিবাসীদের অবস্থা উত্তরণে সকলের সহযোগিতা কামনা করেন। ঘোড়াঘাটের ওসমানপুর মারিয়াম মিশনের ফাদার ফাদার জেরম ডি রোজারিও সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন। ঘোড়াঘাটের ক্ষতিগ্রস্ত প্রতিনিধি ছাড়াও দেশের মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা উপস্থিত ছিলেন।