অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার আবেদন পড়েছে ৮৫ হাজার

প্রায় ৮৫ হাজার গ্রাহক অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার আবেদন করেছে। এরমধ্যে শুধু তিতাস গ্যাসের প্রায় ৮৫ হাজার। আর চট্টগ্রামের কর্ণফুলি কোম্পানিতে অবৈধ সংযোগ বৈধ করতে আবেদন করেছেন মাত্র ৭২ জন। বৃহস্পতিবার ছিল অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার শেষ দিন। শেষ দিন পর্যন্ত এই পরিমাণ আবেদন জমা পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিতাস গ্যাসে এক লাখ ৪৭ হাজার ৬৬৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে অবৈধ সংযোগ বৈধ করতে জমা পড়েছে ৮৪ হাজার ৬৯টি আবেদন। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, সময় আর বাড়ানো হবে না। যারা বৈধ হতে আবেদন করেনি তাদের বিরুদ্ধে রবিবার থেকে কঠোর অভিযান শুরু হবে। অবৈধ গ্যাস ব্যবহারকারী যারা বৈধ হতে আবেদন করেছেন তারা কোনোরকম হয়রানির শিকার হবেন না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম জানান, নতুন করে যারা গ্যাস সংযোগের জন্য আবেদন করেছেন তাদের ধারাবাহিকভাবে সংযোগ দেয়ার পাশাপাশি অবৈধ সংযোগ বৈধের আবেদনকারীদের সংযোগ দেয়া হবে। এ পর্যন্ত ৬৩ হাজার ৬০০টি নতুন চুলার গ্যাস সংযোগের আবেদন জমা পড়েছে।