রোয়েদাদে ন্যায্য সুবিধা না পেলে সাংবাদিকরা রাজপথে নামবেন
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:৫৬
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ বলেছেন, অষ্টম ওয়েজবোর্ডের সুপারিশের রোয়েদাদে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের নায্য সুবিধা নিশ্চিত না হলে তারা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবে। গতকাল শুক্রবার সাংবাদিক নির্যাতন দিবস উপলক্ষে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনাসভায় নেতৃবৃন্দ বলেন, গঠিত ওয়েজবোর্ডকে বিগত পাঁচ বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আগাম পাঁচ বছরের সম্ভাব্য মূল্যবৃদ্ধি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় বিবেচনায় নিতে হবে। নামমাত্র কোন রোয়েদাদ গ্রহণ করা হবে না বলে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাইফুল ইসলাম তালুকদার, কার্তিক চ্যাটার্জী, তরুণ তপন চক্রবর্তী, আজিজুল ইসলাম ভুঁইয়া, শাহজাহান মিয়া, ড. উত্পল কুমার সরকার ও সভাপতি ওমর ফারুক প্রমুখ।
নেতারা বলেন, ১৯৯২ সালের এইদিনে তত্কালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নির্দেশে পুলিশ সাংবাদিকদের উপর নির্মমভাবে আক্রমণ চালায় এবং জাতীয় প্রেসক্লাবে প্রবেশ করে বহু সাংবাদিককে পিটিয়ে আহত করে। কিন্তু সাংবাদিক সমাজ তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে ন্যায় বিচার পাননি। পরবর্তীতে এদেশে বহু সাংবাদিক নিহত হলেও কোন হত্যার বিচার হয়নি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বহু হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। কিন্তু বিচার পাচ্ছে না সাগর-রুনিসহ কোন নিহত সাংবাদিকের পরিবার।
তারা বলেন, বহু প্রতিষ্ঠান নিয়মিত বেতন-ভাতা দিচ্ছে না, যখন-তখন চাকরিচ্যুত করা হচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি