কোয়ার্টার ফাইনালেই নাদাল-ফেদেরার লড়াই?

সবকিছু ঠিকভাবে চললে উইম্বল্ডনের কোয়ার্টার ফাইনালেই দেখা হতে যাচ্ছে রাফায়েল নাদাল এবং শিরোপাধারি রজার ফেদেরারের। বাছাই তালিকায় বিতর্কিতভাবে পঞ্চম স্থানে রাখার পরেই ধারণা করা হচ্ছিল শেষ আটেই হয়তো কঠিন কোন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন নাদাল। গতকাল শুক্রবার অল ইংল্যান্ড ক্লাব টুর্নামেন্টের ড্র ঘোষণা করলে সে ধারণাই সত্য প্রমাণিত হলো। দু’জনে মিলে জিতেছেন নয়টি উইম্বলল্ডন শিরোপা। গত দশ বছরে এই দু’জনের বাইরে কেবল একটি শিরোপাই জিততে পেরেছেন অন্য কেউ। এই নয়টি শিরোপার সাতটি গেছে ফেদেরারের ঘরে, বাকি দু’টি জিতেছেন নাদাল। উইম্বল্ডনের ফাইনালেও দু’জনে মুখোমুখি হয়েছেন তিনবার। তবে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের এবারের আসরে সেরকম কিছু ঘটছে না। কারণ, গতকালের ড্র অনুসারে অপ্রত্যাশিত কিছু না ঘটলে শেষ আটেই মুখোমুখি হচ্ছেন বর্তমান যুগের দুই কিংবদন্তি। তবে এ খবরে বিস্মিত হচ্ছেন না প্রায় কেউই। টুর্নামেন্টের আয়োজক অল ইংল্যান্ড ক্লাবের বিতর্কিত বাছাই পদ্ধতি অনুসারে নাদাল পঞ্চম স্থানে থাকার পরেই এমন কিছু হতে পারে বলে মনে করা হচ্ছিল। আগামী সোমবার সেন্টার কোর্টে নিজের প্রথম ম্যাচে ফেদেরার খেলবেন রোমানিয়ার ভিক্টর হানেস্কুর বিরুদ্ধে। অন্যদিকে প্রথম রাউন্ডে নাদালের প্রতিপক্ষ স্টিভ ডারকিস। এদিকে এই দু’জনের সাথে একই গ্রুপে পড়েছেন ‘লোকাল হিরো’ অ্যান্ডি মারেও। অর্থাত্, এই দু’জনের ম্যাচে যিনি জিতবেন মারে হয়তো শেষ চারে তার মুখোমুখি হবেন। এ মাসেই এজন্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পেতে পারেন জো-উইলফ্রেড সোঙ্গাও। কারণ শেষ আটে মারের সম্ভাব্য প্রতিপক্ষ তিনিই। পুরুষ এককের এক নম্বর বাছাই নোভাক জোকোভিচের গ্রুপটা অপেক্ষাকৃত সহজই বলতে হবে। ফাইনালের আগে ‘নাদাল-ফেদেরার-মারে’ ত্রয়ীর মুখোমুখি হতে হচ্ছে না তাকে। শেষ আটে তার সম্ভাব্য প্রতিপক্ষ টমাস বার্ডিচ। আর সেমিতে ডেভিড ফেরার-হুয়ান মার্টিন দেল পোত্রোর মধ্যকার বিজয়ী। অন্যদিকে সেরেনা উইলিয়ামস তার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবেন লুক্সেমবার্গের ম্যান্ডি মিনেলার বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে। প্রথম রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ ক্রিস্টিনা ম্লাডেনোভিচ।