পার্বত্য ভূমি আইনের সংশোধনী বিলে আপত্তি সন্তু লারমা’র
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২২:৩৪
জাতীয় সংসদে উত্থাপিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন বিলের ব্যাপারে আপত্তি জানিয়েছেন জনসংহতি সমিতি-জেএসএস প্রধান সন্তু লারমা। তিনি বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন লংঘন করে সংসদে এই বিল আনায় পার্বত্য এলাকায় নতুন সংকট সৃষ্টি হবে। গত বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এ মন্তব্য করেন।
সন্তু লারমা বলেন, যে সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন হয়েছে সে সরকারই আইন লংঘন করে পার্বত্য ভূমি কমিশন আইন পাস করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, গত ১৬ জুন জাতীয় সংসদে যে বিলটি উত্থাপিত হয়েছে তাতে ১৩ দফা সংশোধনী প্রস্তাবের মধ্যে মাত্র ১০টি প্রস্তাব অন্তর্ভুক্ত করে বাকি ৩টি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। এছাড়া ১০টি প্রস্তাবের মধ্যে অন্ততঃ ২টি প্রস্তাব বিলে যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সন্তু লারমা সরকারকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর পক্ষ থেকে যে পাঁচ দফা প্রস্তাবনা সরকারের কাছে দেওয়া হয়েছে সেগুলো বিবেচনা করার আহবান জানান। তিনি আরো বলেন, আঞ্চলিক পরিষদের সাথে কোনো ধরনের আলোচনা না করেই সরকার তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ থেকেই প্রমাণ হয় সরকার পার্বত্যবাসির সঙ্গে দুরভিসন্ধিমূলক আচরণ করছে, যা মোটেই কাম্য নয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএসএসের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি উষাতন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, সজীব চাকমা প্রমুখ। পরে জেএসএসের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সুপারিশ সম্বলিত একটি স্মারকলিপি রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।