ইভিএম জটিলতায় একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত

ইভিএম জটিলতায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে নগরীর ৮ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে পুনরায় ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ওই কেন্দ্রের ৭টি বুথের মধ্যে মাত্র একটিতে ইভিএম জটিলতার কারণে পুরো কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কাউন্সিলর প্রার্থীরা। এ নিয়ে গতকাল শুক্রবার প্রার্থীদের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, ৮ নং ওয়ার্ডের মোট তিনটি কেন্দ্রের মধ্যে টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) ভোট কেন্দ্রের মোট ৭টি বুথের মধ্যে ১ নং বুথের ইভিএম মেশিনটি বিকল হয়ে যায়। পরে রিটার্নিং অফিসার ওই ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত করেন। উল্লেখ্য, ওই কেন্দ্রের ১ নং বুথের ইভিএম মেশিনে মোট ৩১০টি ভোট কাস্ট হয়। এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী মাহবুবুল হক পাভেল দাবি করেন, একটি বুথের জন্য পুরো কেন্দ্রের ভোট গ্রহণের সিদ্ধান্ত অন্যায়। এতে প্রার্থীদের মধ্যে টাকার খেলা চলবে, যা কখনো কাম্য হতে পারে না। এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ইসির অনুমতি সাপেক্ষে আগামী ২৯ জুন টিটিসি কেন্দ্রে পুনরায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হতে পারে। প্রসঙ্গত, ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল হামিদ (সিংহ), মাহবুবুল হক পাভেল (টিউবওয়েল), মো. আনোয়ার হোসেন বাবু (হাতি), মো. আব্দুল মোত্তালিব মিঠু (মোরগ) ও মো. ইমতিয়াজ হোসেন (চাঁদ)।