লক্ষ্মীপুর পলিটেকনিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৭

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষে শিবিরের তিনকর্মীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোসলেহ উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল শুক্রবার পলিটেকনিক ইনস্টিটিউটের এইচএসসি ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল বের করে। এ সময় ছাত্রশিবির মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগ কর্মীরা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে শহর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।