মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) একটি দলকে আগামী বছর পাকিস্তান সফরে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড সূত্রে জানা গেছে, পিসিবি চেয়ারম্যান এহসান মানি কয়েকদিন আগে এমসিসি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির বিষয়ে তাদেরকে অবহিত করেছেন। তিনি আগামী বছর তাদের একটি দলকে পাকিস্তান সফরে পাঠানোর জন্য অনুরোধ করেছেন, যা অন্য দলগুলোকে সে দেশে সফরে রাজি করাতে সহায়ক হবে। এ বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কয়েকটি ম্যাচ সফলভাবে করাচিতে আয়োজন সম্ভব হওয়ায় অদূর ভবিষ্যতে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে পিসিবির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই লক্ষ্যে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসনের সঙ্গেও বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মানি।