টানা ৬০ দিন না ঘুমিয়ে মারা যান জ্যাকসন!

মার্কিন পপ সম্রাট মাইকেল জ্যাকসন সবচেয়ে সফল কনসার্ট করে রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তা আর হলো না। চলে গেলেন পৃথিবী ছেড়ে। কাজের দুশ্চিন্তা তার মৃত্যুর অন্যতম কারণ হলেও এ সময় তিনি অজান্তেই গড়েছেন আরেকটি রেকর্ড। চিরদিনের জন্য ঘুমিয়ে যাওয়ার আগে টানা ৬০ দিন তিনি ঘুমাননি। জ্যাকসনই সম্ভবত পৃথিবীর প্রথম ব্যক্তি হিসাবে ?দুই মাস ঘুমাননি। অথচ মস্তিষ্ক ও শরীর সুস্থ রাখার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। খবর সিএনএনের। চিকিত্সক কনরাড মুরে জানিয়েছেন, জ্যাকসনের অনিদ্রার জন্য তিনি ৬০ রাত ধরে দিয়েছেন দ্রুত কার্যকরী প্রোপোফল নামক ওষুধ। বিশেষজ্ঞরা বলেন, এর আগে আর কাউকেই আর এতদিন ধরে এই ওষুধ দেয়া হয়নি। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ঘুম বিশেষজ্ঞ ড. চার্লস সিজেইসলার জানান, প্রোপোফল স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটায়, প্রকৃত ঘুম হতে দেয় না। কিন্তু ওষুধ গ্রহণকারীকে আসল ঘুমের অনুভূতি দেয় এবং সতেজ অনুভব করে। বিশ্বনন্দিত গায়ক জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মারা যান। তার অকালমৃত্যুর জন্য ঘুমহীন রাত কাটানোর প্রভাব অনেকখানি রয়েছে বলে ?মন্তব্য চার্লস সিজেইসলারের। মৃত্যুর দুইদিন আগে তাকে প্রোপোফল দেয়া বন্ধ করে দেন কনরাড। অতিরিক্ত ওষুধের কারণে সেদিন জ্যাকসনের মৃত্যু না হলে প্রকৃত ঘুমের অভাবে তার জীবন হয়তো অন্যরকম হয়ে যেত। সিজেইসলার জানান, এই ওষুধ ইঁদুরের ওপর প্রয়োগ করে দেখা গেছে, ঘুম না হওয়ায় দুই সপ্তাহ পর ইঁদুর মারা গেছে। এইজ লাইভ কনসার্ট করে রেকর্ড গড়তে চেয়েছিলেন জ্যাকসন। কনসার্ট আয়োজক এইজ লাইভের বিরুদ্ধে করা মামলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন নাসা ও সিআইএ’র ঘুম বিষয়ক সাবেক পরামর্শক সিজেইসলার। জ্যাকসনের মৃত্যুর জন্য এইজ লাইভ কনসার্টের প্রস্তুতিকে দায়ী করে আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছেন জ্যাকসনের মা ও ছেলেরা। তত্ত্বাবধানকারী ডাক্তার মুরের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। আয়োজকরা দায় চাপাচ্ছেন ডাক্তারের ওপর। বিশেষজ্ঞ সিজেইলার গত বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দেন। এরপর শুক্রবারও সাক্ষ্য দেন।