চাটখিলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে শিশুসহ আহত ১০
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২৩:০৬
গতকাল শুক্রবার বিকালে নোয়াখালীর চাটখিল পৌর শহরে বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহ্ উদ্দিন কামরান ও বর্তমান সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ শিশুসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত যুবদল নেতা মাসুদ আলমকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শহরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর বিএনপির সাবেক এমপি অ্যাডভোকেট সালাহ্ উদ্দিন কামরান শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে শুক্রবার বিকালে সোনাইমুড়ি থেকে চাটখিল পৌরশহরে আসেন। এ খবর পেয়ে বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সমর্থকরা সালাহ্ উদ্দিন কামরানের আগমনে বাধা দেয়ার চেষ্টা করে। এ নিয়ে কামরানের সমর্থকদের সঙ্গে খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। এরপর সালাহ্ উদ্দিন কামরানের নেতৃত্বে তার সমর্থকরা পৌর শহরে মিছিল বের করে। মিছিল শেষে বর্তমান এমপি মাহবুব উদ্দিন খোকনের সমর্থকরা কামরান গ্রুপের উপর হামলা চালায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ২ ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পৌর শহরে আতংক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয়। চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে শিশু আরিফ (১০), সজিব, কামরুল ইসলাম, মাসুদ, রতনসহ ১০ জন আহত হয়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি মো. ইব্রাহিম খলিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবেক ও বর্তমান এমপি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ ঘটনা ঘটিয়েছেন।