তিস্তা চুক্তি সেপ্টেম্বরে?
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২৩:১২
তিস্তার জট কাটছে। বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা পাবে। আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরেই তিস্তার পানি বন্টন চুক্তি সম্পন্ন হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ইত্তেফাককে এ খবর দিয়েছে।
পানি বন্টন হতে পারে মওসুম ভিত্তিক। কি অনুপাতে মওসুম ভিত্তিক পানির এই বন্টন হবে তা, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের আলোচনায় চূড়ান্ত হবে। বাংলাদেশ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হবে। এ ব্যাপারে খুব দ্রুত যৌথ নদী কমিশনের বৈঠক ডেকে, আলোচনা করে - তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, প্রতি বছর নভেম্বর থেকে মে- এই ৬ মাস তিস্তায় পানির প্রবাহ খুব কম থাকে। তাই ওই সময় তুলনামূলক কম, আর বাকি সময়ে বাংলাদেশকে বেশি পানি দেওয়া হবে। তবে বর্তমানে যে পরিমাণ পানি বাংলাদেশ পায়, তার থেকে বেশিই পাবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে বর্ষার পানি সঞ্চয় করে কিভাবে তা শুকনো মওসুমে তিস্তা খাতে এনে প্রবাহ বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা করা হবে যৌথ নদী কমিশনের বৈঠকে।
সূত্রটি উল্লেখ করেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীকে সম্মত করিয়েই আগামী আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে এই চুক্তি করা হবে। কারণ বাংলাদেশকে তিস্তার ন্যায্য পানির হিস্যা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।