পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ১৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের উপকণ্ঠে শিয়া সমপ্রদায়ের একটি মসজিদ ও মাদ্রাসায় শুক্রবার এক বোমা হামলায় ১৪ জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শফি উল্লাহ্ এএফপিকে বলেন, ‘এটা একটা আত্মাঘাতী হামলার ঘটনা। এতে ১৪ জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে প্রথমে মসজিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ রক্ষীকে গুলি করে। এরপর মসজিদে প্রবেশ করে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় নামাজ শুরু হচ্ছিল।’ পেশোয়ারের প্রান্তে শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত গুলশান কলোনিতে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সেটি অবস্থিত। পুলিশ কর্মকর্তা শওকত খান ও ইমরান শহীদ এই ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পেশোয়ারের সরকার পরিচালিত প্রধান হাসপাতাল লেডি রিডিং হাসপাতালের কর্মকর্তা জামিল শাহ্ এর আগে এএফপিকে জানিয়েছিলেন যে, চিকিত্সা কর্মীরা সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে। তাত্ক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। তবে সামপ্রতিক বছরগুলোতে পাকিস্তানে সংখ্যালঘু শিয়া সমপ্রদায়ের লোকদের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে।