ইরানের ওপর অবরোধের প্রভাব মোকাবিলায় ব্যবস্থা নেবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া সরকার স্থানীয় ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যের ওপর ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ জোরদারে সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবেলার পরিকল্পনা হাতে নিয়েছে। শুক্রবার অর্থ মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার। অর্থ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ জোরদারে ইরানে রফতানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দক্ষিণ কোরিয়ার ক্ষুদ্র রফতানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয় জানায়, আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি, জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল ও পোতাশ্রয় শিল্পের ওপর নতুন করে অবরোধ কার্যকর করতে যাচ্ছে। মন্ত্রণালয় জানায়, এ ধরনের অবরোধের ফলে ইরানে স্টীল ও অটো পার্টস রফতানিকারী দক্ষিণ কোরিয়ার শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া, এ অবরোধের ফলে বিশ্বের প্রধান জাহাজ শিল্প ইরানে পণ্য পরিবহন সার্ভিস স্থগিত করার কারণে তাদের আরো বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হবে। মন্ত্রণালয় জানায়, চলতি বছরের প্রথম চারমাসে ইরানে দক্ষিণ কোরিয়ার রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৫ শতাংশ কমে গেছে। ইরানে বিভিন্ন পণ্য রফতানিকারী দক্ষিণ কোরিয়ার এক হাজার ১৬৮ কোম্পানির মধ্যে ১৫৮টি কোম্পানি তাদের রফতানির ক্ষেত্রে ইরানের ওপর ব্যাপকভাবে নির্ভর করে।