উত্তরাখণ্ডে বন্যায় নিহতের সংখ্যা ৬শ’তে দাঁড়িয়েছে

উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যা আর ভূমিধসের জেরে প্রাণহানির সংখ্যা প্রায় ৬০০তে দাঁড়িয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তুমুল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যার তোড়ে ও ভূমিধসে রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়ে আছেন বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে জানিয়েছেন। মৃত্যুর সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারি সূত্রে যত প্রাণহানির কথা বলা হচ্ছে বা অনুমান করা হচ্ছে - আসলে উত্তরাখণ্ডে তার চেয়ে মৃত্যুর সংখ্যা যে অনেক বেশি, এই আশঙ্কাও এখন ক্রমশ জোরালো হচ্ছে। বন্যাকবলিত উত্তরাখণ্ডের হূষীকেশ থেকে ভারতের একটি দৈনিকের সাংবাদিক নন্দিতা রায় বিবিসি বাংলাকে জানিয়েছেন বন্যা আঘাত হানার ছয়দিন পর এখন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ শুরু হওয়ায়ে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। তিনি বলছেন বন্যা যেখানে প্রথম আঘাত হানে হিন্দুদের তীর্থস্থান সেই কেদারনাথের আশেপাশে প্রায় ৬০টির মত গ্রামের অবস্থা সম্পর্কে এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না। তিনি বলছেন হরিদ্বারে গঙ্গায় চলি¬শটির ওপর মৃতদেহ শুক্রবার ভেসে এসেছে। তুমুল বৃষ্টিপাতের ফলে রবিবার আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে, আটকে পড়েছেন অনেক পর্যটক ও তীর্থযাত্রী এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। কর্মকর্তারা বলছেন গত কয়েকদিনে ৩৩ হাজার তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে, তবে ৫০ হাজারের ওপর এখনও আটকা পড়ে আছেন।