ইত্তেফাক রিপোর্ট
আজ রবিবার থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। চলবে ২৩ মে পর্যন্ত। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তবে পুনঃনিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তন হবে তারা ৩-৪ জুনের মধ্যে আবেদন করতে পারবে। আজ বেলা ১২টায় ঢাকা শিক্ষা বোর্ড সভাকক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন।
অনলাইন ও এসএমএসের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন করা যাবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবেন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ দিতে পারবে।
আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিতদের তালিকা ১০ জুন প্রকাশ করা হবে। এসএমএস ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিস বোর্ডে তালিকা প্রকাশ করা হবে। ১১ থেকে ১৮ জুনের মধ্যে শিক্ষার্থীদের মনোনয়নপ্রাপ্ত কলেজে নিশ্চায়ন করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হবে।
২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হবে না তারা ১৯ ও ২০ জুনের মধ্যে ফের আবেদন করতে পারবে। কোনো ধরনের ফি দেওয়া ছাড়াই তাদের আবেদনে নতুন কলেজ সংযোজন ও বিয়োজন করতে পারবে। একই সময়ের মধ্যে যারা আবেদন করবে না বা ভর্তির নিশ্চয়তা সম্পন্ন করবে না তারাও আবেদন করতে পারবে।
এবারই প্রথম একাদশে ভর্তির ক্ষেত্রে সরকারি বেসরকারি কলেজগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গত বছর ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করা হয়। ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে বিভ্রান্ত ও প্রতারণার শিকার না হয়, সে জন্য কোন কলেজ কোন শ্রেণিতে তা নির্ধারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সর্বনিম্ন ৬৫০ শিক্ষার্থী এবং পাসের হার ৭০ শতাংশের বেশি কলেজগুলোকে ‘এ’ ক্যাটাগরি তালিকায় যুক্ত করা হয়েছে। ৬০০ শিক্ষার্থী এবং পাসের হার ৫০ থেকে ৭০ শতাংশ থাকলে সেগুলো ‘বি’ ক্যাটাগরির। আর ‘সি’ ক্যাটাগরিতে থাকবে ৬০০-এর কম শিক্ষার্থী এবং ৫০ শতাংশের নিচে পাসের হার থাকা কলেজগুলো। তবে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি বা পাসের হার শূন্য শতাংশ এমন কলেজগুলোকেও সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়।
অনলাইনে যেভাবে আবেদন করতে হবে : অনলাইনে আবেদন করতে হলে www.xiclassadmission.gov.bd এ ওয়েব-সাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের আগে শিক্ষার্থীকে শুধু টেলিটক/ রকেট/ শিওরক্যাশ ব্যবহার করে অনলাইনের আবেদন ফি এসএমএস এর মাধ্যমে দিতে হবে। প্রার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক/ রকেট/ শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা দিতে হবে।