সংবাদ কণিকা

শিশুদের স্থূলতা অস্বাস্থ্যকর খাবারের প্রচারণা শিশুদের মধ্যে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে বলে প্রমাণ পাওয়া গেছে। শিশুদের স্থূলতার দিকে ঠেলে দিচ্ছে এসব বাণিজ্যিক প্রচারণা। বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থাটি এ ধরনের খাবারের বিজ্ঞাপন প্রচারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছে। শিশুদের স্থূলতার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের কোন বিকল্প নেই বলে জানিয়েছে সংস্থাটি। — রয়টার্স রাশিয়ায় ব্যবসায়ীদের আতংক রাশিয়ায় গত কয়েকবছরে অর্থনৈতিক অনিয়ম বা ব্যবসায়ে আইন না মানার অভিযোগে একলাখের বেশি ব্যবসায়িকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, এর বেশিরভাগ অভিযোগই ভিত্তিহীন। ফলে দেশটির ব্যবসাক্ষেত্রে এক প্রকার ভীতি আর স্থবিরতা তৈরি হয়েছে। তবে রাশিয়ার সরকার জানিয়েছে, ব্যবসায়ীদের জন্য তারা এ মুহূর্তে সাধারণ ক্ষমা ঘোষণার কথা বিবেচনা করছেন। — বিবিসি বিশ্বের দ্রুততম কম্পিউটার অর্থনীতি এবং বিজ্ঞান-প্রযুক্তিতে দেশটির অগ্রগতি চোখে পড়ার মতো। আর এবার সুপার কম্পিউটারেও চীন পেলো সেরা হওয়ার গৌরব । বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারটি এখন চীনের। ২০১০ সাল থেকে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের মর্যাদা পেয়ে আসছিল যুক্তরাষ্ট্রের সুপার কম্পিউটার। গতি ছিল প্রতি সেকেন্ডে ১৭ দশমিক ৫৯ পেটাফ্লপস । চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির তৈরি সুপার কম্পিউটারের গতি এখন ৩৯ দশমিক ৮৬ পেটাফ্লপস! —এপি শিশু পর্নোবিরোধী কর্মসূচি গুগল ইন্টারনেট থেকে শিশু পর্নো বিষয়ক ছবি সরিয়ে ফেলার কর্মসূচি নিয়েছে। গুগল ইন্টারনেটে শিশুদের অপব্যবহার ও শিশু পর্নোবিরোধী এক কর্মসূচির আওতায় নতুন প্রযুক্তি আনবে। এতে গুগলের বাজেট ৭০ লাখ ডলার। প্রথম ধাপে গুগল ইন্টারনেট থেকে শিশু পর্নো সরিয়ে ফেলার জন্য ৫০ লাখ ডলার ব্যয় করবে এবং দ্বিতীয় ধাপে আরও কার্যকর উপায় খুঁজে বের করতে গবেষণা কর্মকাণ্ডে ২০ লাখ ডলার ব্যয় করবে। এ কর্মসূচিতে গুগলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’ এবং ‘ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন’। — সিএনএন