‘সংসদ সদস্যদের বক্তব্যের ৮০ ভাগই বাজেট সম্পর্কিত নয়’

কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, গত তিন বছরের বাজেট অধিবেশন চলাকালিন সংসদ সদস্যদের প্রদত্ত বক্তব্যের আলোকে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে সংসদ সদস্যদের বক্তব্যের ৮০ ভাগই বাজেট সম্পর্কিত নয়। এ ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগীচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ এর উদ্যোগে ‘জাতীয় জীবনের অগ্রগতি ও বিকাশের প্রয়োজনীয়তার নিরিখে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ ড. রমনী মোহন দেবনাথ, অধ্যাপক ড. রেজাউল করিম তালুকদার, সংসদ সদস্য এডভোকেট খান টিপু সুলতান, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক হান্নানা বেগমসহ আরও অনেকে। আওয়ামী লীগের বর্তমান মেয়াদের ৫টি বাজেট এবং বিএনপি জামায়াত এর বিগত ৫টি বাজেটের তুলনামূলক আলোচনায় ইব্রাহিম খালেদ বলেন, বর্তমান সরকার ৫ বছরই কৃষিতে ভর্তুকি দিয়েছে যেখানে বিএনপি কৃষিতে কোন ভর্তুকি দেয়নি। তিনি বলেন, আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ভর্তুকি পছন্দ করে না বিধায় তত্কালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান আইএমএফ’র নীতিরক্ষায় ভর্তুকির বিপক্ষে ছিলেন। তবে বর্তমান সরকারের ভর্তুকি ব্যবস্থাকে খরচ হিসেবে ধরা হলে সে খরচের তুলনায় অনেক বেশি লাভ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশ কৃষিতে উন্নতি করেছে, খাদ্যেও মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকারের আমলে উত্তর বঙ্গে নতুন নতুন ফসল উত্পাদন চালু করার ফলে মঙ্গা একেবারেই নেই। দেশে গার্মেন্ট খাতে নারী বিপ্লব ঘটেছে। এনার্জি সেক্টরে সরকার ভাল করলেও রেন্টাল কুইক রেন্টালের সমালোচনা করেন তিনি। পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের সাথে এবং গ্রামীণ ব্যাংক নিয়ে ড. ইউনূসের সাথে সরকারে চলমান বিবাদের বিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাংকের সাথে ঝামেলা মিটে গেছে বলে মনে হয়। তবে বিষয়গুলো সরকারের এড়িয়ে চলা উচিত ছিল।