আকাশপথে বাংলাদেশে আসছে ভারতীয় মুদ্রা

সাম্প্রতিককালে আকাশ পথে বাংলাদেশে আসছে ভারতীয় মুদ্রা। গত কয়েকদিনে বিপুল অংকের ভারতীয় মুদ্রা চোরাচালানের মাধ্যমে আনার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের দুই নাগরিকসহ চার জনকে আটক করা হয়েছে। তাদের কাছে পাওয়া যায় মোট দুই কোটি ৩০ লাখ ১০ হাজার ৫শ রুপি। আটককৃতরা আন্তর্জাতিক মাফিয়া চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ মুদ্রার চালান ধরা পড়ে গতকাল শনিবার সকালে। দুবাই থেকে ওয়াহিদ আলী নামক এক পাকিস্তানি নাগরিক সকাল সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে আনা একটি ব্যাগ কর্তব্যরত শুল্ক কর্মকর্তারা স্ক্যানিং মেশিনে দেন। পরে ব্যাগটি খুলে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের মধ্যে ৮৯ লাখ ৬৬ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার এই বিমানবন্দরে ধরা পড়ে আরো একটি ভারতীয় মুদ্রার চোরাচালান। কক্সবাজারের নতুন অফিসপাড়া এলাকার মোহাম্মদ আক্তার কামাল ঐদিন রাত সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ানের একটি ফ্লাইটে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতের সারজা বিমানবন্দর হয়ে ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে গ্রীন চ্যানেলে কর্মরত শুল্ক কর্মকর্তারা তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৪ লাখ ৪২ হাজার ভারতীয় মুদ্রা আটক করেন। এর আগেরদিন বিকাল সাড়ে ৫টায় ৪৫ লাখ ২ হাজার ভারতীয় রুপিসহ ধরা পড়েন রাজবাড়ীর বিনোদপুর নিউকলোনি এলাকার মো. সাজ্জাদ হোসেন। সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে এই ভারতীয় মুদ্রা নিয়ে ঢাকায় আসে। বিমানবন্দরে গ্রীন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাকে একইভাবে আটক করা হয়। এছাড়া গত ১৩ জুন সকাল ৯টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা পাকিস্তানের নাগরিক মো. সাদাকাত আলী খান চোরাচালানের মাধ্যমে ৪১ লাখ ৫শ ভারতীয় রুপি বাংলাদেশে আনার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক মামলা হয়েছে।