৬ দোকানকে জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় এবং মূল্য তালিকা না থাকায় গতকাল শনিবার রাজধানীতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় চেইন সুপার শপ প্রিন্স বাজার ও জিমার্টকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সিটি করপোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মিরপুর-১ এর চার মাংসের দোকানকে জরিমানা করা হয়। এরমধ্যে আনোয়ারের মাংসের দোকানকে ১০ হাজার টাকা, খোকনের মাংসের দোকানকে ৫ হাজার টাকা, ভট্টর মাংসের দোকানকে ৫ হাজার টাকা ও মায়ের দোয়া মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তর রাজধানীতে প্রতি দেশি পিঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা এবং আমদানি পিঁয়াজ ২৩ টাকা নির্ধারণ করেছে। এছাড়া সিটি করপোরেশন রমজান মাস উপলক্ষে দেশি গরুর মাংস ৫২৫, বোল্ডার (বিদেশি) গরুর মাংস ৫০০, মহিষ ৪৮০, ছাগল ও ভেড়ার মাংস ৬৫০ এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজি নির্ধারণ করেছে।