রিহ্যাব সামার ফেয়ার ২৬ জুন

রাজধানীর রূপসী বাংলা হোটেলে ২৬ জুন শুরু হচ্ছে রিহ্যাব সামার ফেয়ার-২০১৩। মেলা চলবে ২৯ জুন পর্যন্ত। গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজনে মেলায় ১২৩টি স্টল থেকে ক্রেতারা ফ্ল্যাট বা প্লট কেনার সুযোগ পাবে। এতে রিহ্যাবের ১২০টি ও ৩টি অন্য প্রতিষ্ঠান অংশ নেবে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এম. ওয়াহিদুজ্জামান। এতে জানানো হয়, আগামী ২৬ জুন রূপসী বাংলা হোটেলের বলরুমে রিহ্যাব সামার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও বিশেষ অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত সচিব ড. খন্দকার শওকত হোসেন উপস্থিত থাকবেন। ফেয়ারে ৭টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসেবে অংশ নেবে। সন্মেলনে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, আলহাজ্ব লিয়াকত আলী ভুঁইয়া, প্রকৌশলী সারোয়ার ভুঁইয়া, রিহ্যাব ফেয়ারের আহ্বায়ক আসাদুর রহমান জোয়ারদার, যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মো. মহিউদ্দিন শিকদার।