সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারেন্ট

সৈয়দপুর উপজেলার ১নং কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ জজ আদালতের বিচারক। নারীর শ্লীলতাহানির মামলার বাদিনীর নারাজি আমলে নিয়ে সংশ্লিষ্ট আদালত ওই আদেশ প্রদান করেছেন। এ মামলার অপর আসামি গ্রাম পুলিশ জাহাঙ্গীর বর্তমানে জেলহাজতে রয়েছে। জানা যায়, চলতি বছরের ১ মার্চ আবাসন প্রকল্পের বাসিন্দা জনৈকা নারী কামারপুকুর বাজার থেকে সন্ধ্যায় আবাসনে ফেরার পথে গ্রাম পুলিশ জাহাঙ্গীর পথ আগলিয়ে ধরে এবং একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। ঘটনার রাতেই ধর্ষণের অভিযোগ করা হয় ইউপি চেয়ারম্যান জিকো আহমেদকে। পরদিন ৩ মার্চ বিচারের কথা বলে চেয়ারম্যান তার নিজস্ব আবাসিক হোটেল সৈয়দপুর রেষ্ট হাউসে নিয়ে কয়েকদফা ধর্ষণ করে। অবশেষে বিচার পেতে ধর্ষিতা চেয়ারম্যান জিকো আহমেদ ও গ্রাম পুলিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তাত্ক্ষণিকভাবে গ্রাম পুলিশকে আটক করা হলেও ইউপি চেয়ারম্যান মাননীয় হাইকোর্ট থেকে চার্জশীট প্রদান পর্যন্ত জামিন লাভ করেন। পুলিশ ঘটনা তদন্ত শেষে ইউপি চেয়ারম্যানকে বাদ দিয়ে জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।