নান্দাইল বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:১০
১৮ দলের বিক্ষোভ কর্মসূচি পালনকালে গতকাল শনিবার বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নান্দাইল পৌরশহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে এক পক্ষের কার্যালয় ও নেতৃবৃন্দের ছবি ভাংচুর করে অন্য পক্ষ। অপর ঘটনায় শহরের হাসপাতাল সড়কে কোস্টগার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেনের বাড়িতে হামলা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন কোস্টগার্ড প্রধানের বাড়িতে গিয়েছিলেন। নান্দাইলের মেয়র ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আজিজুল ইসলাম বলেন, তারা নয় তাদের প্রতিপক্ষ কোস্টগার্ড ডিজির বাসায় হামলা চালিয়েছে। একটি সূত্র জানিয়েছেন, নান্দাইল বিএনপির এক ভাগে রয়েছেন সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী, অপর পক্ষে রয়েছেন সৌদি বিএনপি (পূর্বাঞ্চল শাখা) সভাপতি এএফএম রফিকুল ইসলাম।