আজ ভারত ইংল্যান্ড ফাইনাল
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:২০
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ জেতা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চাইবেন তার একমাত্র অতৃপ্তি ঘোচাতে। অন্যদিকে অ্যালিস্টার কুকের লক্ষ্য থাকবে ৫০ ওভারের কোন আইসিসি টুর্নামেন্টে দেশকে প্রথমবারের মতো শিরোপা জেতানো।
টুর্নামেন্ট শুরুর আগে দু’দলই ছিল প্রায় একই সমতলে। ইংল্যান্ডের পরে পাকিস্তানের কাছেও সিরিজ খোয়ানো ভারত যেন অনেকটা নিজেদের ছায়া হয়ে ছিল। অন্যদিকে টুর্নামেন্টের মাত্র একদিন আগে শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংলিশরা হেরে যায় ২-১ ব্যবধানে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই দু’দলই খেলছে দুর্দান্ত।
শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ফাইনালে আসা ভারত কাগজে কলমে ফেভারিট থাকবে ফাইনালেও। শুধু ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নয়, টুর্নামেন্টে ভারতীয়দের শরীরী ভাষাই বলে দিচ্ছে অনেক কিছু। দিন দুয়েক আগে এক সাক্ষাত্কারে কপিল দেবও বলেন, ‘এই দলটাই ভারতের ভবিষ্যত্। এদের ভয় ডর বলে কিছু নেই।’
২০০২ সালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারত তাই নিশ্চিতভাবেই এবারের শিরোপাটা ভাগ করতে চাইবে না কারো সাথেই। তবে তাতে ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপকে বড় পরিক্ষা দিতে হবে ইংলিশ পেস আক্রমণের বিরুদ্ধে। ভারতীয়দের চেয়ে অন্তত একটি জায়গায় এগিয়ে আছে কুকের দলই।
জেমস অ্যান্ডারসনের নেতৃত্বাধীন পেস আক্রমণই সেমিফাইনালে গুড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দুর্দান্ত ফর্মে আছেন দুই স্পিনার গ্রায়েম সোয়ান এবং জেমস ট্রেডওয়েলও।
এখনও পর্যন্ত একবারও বড় কোন ৫০ ওভার টুর্নামেন্টে শিরোপা জিততে না পারা ইংল্যান্ডও খালি হাতে ফিরতে চায় না শিরোপার কাছে এসে। আর এতটা পথ পাড়ি দিতে অধিনায়কের ভূমিকার দারুণ প্রসংশাই ঝরলো মিডল অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রটের কণ্ঠে। ট্রট বলেন, ‘সে (কুক) দুর্দান্ত একজন অধিনায়ক এবং তার পেছনে ড্রেসিংরুমের সবার সমর্থন আছে। সে সবদিক থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছে। অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যাশলে জাইলস এবং আমরা খেলোয়াড়রা তাকে অনুসরণ করছি।’
এদিকে ফাইনালটা আবার হচ্ছে ট্রটের শহর এজবাস্টনেই। নিজের শহরে দেশের হয়ে ফাইনাল খেলতে নামার জন্য আর তর সইছে না ট্রটের। তবে ট্রট বললেন, ফাইনালে দারুণ কিছু করতে মুখিয়ে আছে সবাই। ট্রট বলেন, ‘আপনি সবসময়ই ফিক্সচারের দিকে লুকিয়ে লুকিয়ে দৃষ্টি রাখবেন, দেখতে চাইবেন ফাইনালটা কোথায় হচ্ছে। এখানে খেলার কথা ভেবে আমি উত্তেজিত ছিলাম এবং শেষ পর্যন্ত এটাই হচ্ছে। আমি দারুণ উত্তেজিত। এমন সুযোগ বারে বারে আসে না। তাই সুযোগটাকে কাজে লাগাতে আমরা সবাই বদ্ধপরিকর।’