মস্কোর টিকেট পেলেন টাইসন গে ও বোল্ট
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:২২
টাইসন গে ১০০ মিটারের দৌড়ে বছরের সেরা সময়ে দৌড়িয়ে জাস্টিন গ্যাটলিনকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জয়ী হয়েছেন। মস্কোয় ১০-১৮ আগস্ট অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দৌড়ানোর যোগ্যতা অর্জন করেছেন গতি সম্রাট উসেইন বোল্টও।
বোল্ট জ্যামাইকান চ্যাম্পিয়নশিপে ৯.৯৪ সেকেন্ডে দূরত্বটি পেরিয়ে এ কৃতিত্ব দেখান। শুরুটা মন্থর হলেও বোল্ট ৫০ মিটারের মাথায় নিকেল অ্যাশমিডকে ধরে ফেলেন এবং শেষ দশ মিটারে কিছুটা গা ছেড়েই দৌড়ান তিনি। এ নিয়ে ক্যারিয়ারে ৩৫ বার দশ সেকেন্ডের কমে দৌড়ানো ডাবল অলিম্পিক চ্যাম্পিয়নটি বলেন,‘জয় পাওয়াটা স্বস্তিকর। সময় নিয়ে আমি খুব বেশি দুশ্চিন্তায় নেই। কেননা রাশিয়ায় যাওয়ার আগে আমার হাতে পুরো একটা মাস আছে প্রস্তুতির জন্য।’
এদিকে ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ৩০ বছর বয়সী টাইসন ৯.৭৫ সেকেন্ড সময় নেন। ১০০ মিটারের স্প্রিন্টে এটি ইতিহাসের ১০ম দ্রুততম সময় নেয়া দৌড়। অপরদিকে এ মাসের শুরুতে রোমে বোল্টকে হারানো গ্যাটলিন দ্বিতীয় স্থান পান ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে।
টাইসন গে ডেস মইনেস এ অনুষ্ঠিত আমেরিকান বাছাইয়ে মাঝ বরাবর গিয়ে নিয়ন্ত্রণ নেন। ২০১১ সালে নিতম্বে অস্ত্রোপচারের পর গত বছর যুক্তরাষ্ট্রের অলিম্পিক বাছাইয়ে গ্যাটলিনের পেছনে পড়ে দ্বিতীয় স্থান পান তিনি। শেষ পর্যন্ত লন্ডন অলিম্পিকে চতুর্থ হন আমেরিকান এই স্প্রিন্টার।
সঙ্গত কারণেই উচ্ছ্বসিত টাইসন বলেন,‘পাঁচ বছর পর আবার ইউএস চ্যাম্পিয়ন হলাম এবং আবার পদক মঞ্চে উঠতে পারাটা দারুণ ব্যাপার। আমার যতটা দ্রুতগামী হওয়া উচিত ছিল তা হতে পারিনি। তবে আমার শরীর ঠিক আছে যা গুরুত্বপূর্ণ।’
অলিম্পিক ব্রোঞ্জ জয়ী গ্যাটলিন জানান যে তিনি হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে সমস্যায় পড়েন। তারপরও ২০০৪ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন বলেন,‘ব্যান্ডেজ লাগিয়ে ৯.৮ সেকেন্ডে দৌড়ানোর অনুভূতি ভালই।’ আমেরিকান দলটিতে তৃতীয় হন চার্লস সিলমন।
লন্ডন অলিম্পিকের রৌপ্যজয়ী ইয়োহান ব্লেক কিংস্টনে অনুষ্ঠিত জ্যামাইকান বাছাইয়ে অংশ নিতে পারেননি। তারপরও ১০০ মিটারের শিরোপাধারী হিসেবে মস্কোয় দৌড়ানোর সুযোগ পাচ্ছেন। দুই বছর আগে দক্ষিণ কোরিয়ায় তিনি এ শিরোপাটি জেতেন। সেবার অবশ্য ‘ফলস স্টার্টের’ কারণে অযোগ্য ঘোষিত হয়েছিলেন বোল্ট।
-বিবিসি স্পোর্ট
১০০ মিটারের দ্রুততম দৌড়গুলো
৯:৫৮: উসেইন বোল্ট, ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ
৯:৬৩: উসেইন বোল্ট, ২০১২ অলিম্পিক
৯:৬৯: উসেইন বোল্ট, ২০০৮ অলিম্পিক
৯:৬৯: টাইসন গে, ২০০৯, সাংহাই
৯:৬৯: ইয়োহান ব্লেক, ২০১২, লুসান