বিসিবির মিডিয়া বিভাগের কারণে গণমাধ্যমের ভোগান্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন কোন কর্মকর্তার এক চোখা নীতির কারণে গত শুক্রবার ঢাকা মহানগর প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত করার সিদ্ধান্তটি পায়নি সংবাদ মাধ্যমের বড় একটা অংশ। অথচ ওইদিনই লিগটি স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয় এবং সূত্র জানায় তা সেদিনই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সব গণমাধ্যমকে জানিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাস্তবতা হল, এই সিদ্ধান্ত বিসিবির তরফে জানানো হয় হাতেগোনা কয়েকটি গণমাধ্যমকে। গতকাল শনিবার এই ব্যাপারে যোগাযোগ করা হলে নিজের বিস্ময় প্রকাশ করেন একাধারে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান এবং বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি ইত্তেফাককে বলেন, ‘সব সংবাদ মাধ্যমেই খবরটা জানিয়ে দেয়ার জন্য বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে দায়িত্ব দেয়া হয়েছে।’ মিডিয়া ম্যানেজার বাস্তবে তা করেননি। খোঁজ নিয়ে জানা গেল, এই মিডিয়া ম্যানেজার ক্রিকেটার তামিম ইকবালের বিয়ে উপলক্ষে চট্টগ্রামে থাকায় বিসিবির এসব সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর মূল প্রক্রিয়া ই-মেইল মারফত জানাতে পারেননি। সে কারণে তিনি ক্ষুদে বার্তা মারফত পছন্দের সংবাদ মাধ্যমকেই খবর পাঠান। কাল অবশ্য তিনি একই পত্রিকার একাধিক ব্যক্তিকে ক্ষুদে বার্তা পাঠিয়ে লিগ স্থগিতের বিষয়টি জানান দেন।