ব্রাজিলে সংস্কারের ঘোষণা
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:৪৬
ব্রাজিল জুড়ে এক সপ্তাহের ওপর চলা সরকার-বিরোধী বিক্ষোভ অবসানের চেষ্টায় দেশটির প্রেসিডেন্ট ডিল্?মা রুসেফ বিক্ষোভকারীদের দাবির উত্তরে দুর্নীতি দমন এবং পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, বিক্ষোভকারীদের উদ্বেগের জায়গাগুলো তিনি খতিয়ে দেখবেন। খবর বিবিসি বাংলার।
গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রেসিডেন্ট একটি নতুন পরিকল্পনার খসড়া তৈরির প্রতিশ্রুতি দেন এবং তার ভাষণে বলেন তেলসম্পদ থেকে প্রাপ্ত সব রাজস্ব শিক্ষাখাতে ব্যয় করা হবে। ডিল্?মা রুসেফ বলেছেন, জনগণের জন্য সেবা ব্যবস্থায় কাটছাঁট করে তার অর্থ সংস্থান করা হবে না। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি আছেন, কিন্তু সহিংসতা সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে প্রতিবাদ বিক্ষোভ নিয়ে আলোচনার জন্য তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। সাও পাওলোর প্রতিবাদে ফুটবল বিশ্বকাপের ব্যয় নিয়ে সোচ্চার ছিল বিক্ষোভকারীরা এই বিক্ষোভ শুরু হয় সাও পাওলোতে পরিবহনের ভাড়াবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের মাধ্যমে। কিন্তু দ্রুতই তা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং দুর্নীতি ও অন্যান্য ইস্যু নিয়ে জনসাধারণ রাস্তায় নামে।
বৃহস্পতিবার রাতে দশ লাখের ওপর মানুষ রাস্তায় বিক্ষোভ করে এবং বিভিন্ন শহরে সহিংসতার ঘটনা ঘটে। যেসব ঘটনায় দু’জনের মৃত্যু হয় এবং আহত হয় বেশ কিছু মানুষ। শুক্রবারেও রিও ডি জেনিওরোতে হাজার খানেক মানুষ বিক্ষোভ করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, কিছু দোকানে লুটপাট চলে এবং ফাঁকা একটি শিল্পকেন্দ্র ভবনের ওপর কিছু লোক চড়াও হয়। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুঁড়েছে। সাও পাওলোসহ অন্যান্য শহরেও বিক্ষোভ অব্যাহত ছিল।