অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে ব্যবস্থা নেয়া হবে :স্পিকার
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:৪৬
সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, সংবিধান আমাদের সর্বোচ্চ আইন। এই সংবিধানের মালিক হচ্ছেন দেশের জনগণ। তাই সংসদকে কার্যকর করার মাধ্যমে আমাদের গণতন্ত্র বিকশিত হবে। এক্ষেত্রে সংসদ কার্যকর করতে সরকার ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, আমাকে অনেকেই অনির্বাচিত স্পিকার বলে থাকেন। তবে বিষয়টি একেবারেই সত্যি নয়। কারণ স্পিকার হওয়ার শর্ত হচ্ছে সরাসরি নির্বাচিত বা সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদ সদস্য হওয়া। ৭২ সালের সংবিধানেও এ বিষয়টি আছে। সংসদ ও জনপ্রতিনিধিদের দ্বারাই আবার সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। যেহেতু আমি সংরক্ষিত মহিলা আসন থেকে স্পিকার হয়েছি, আর মহিলা আসনের সদস্যদের যাচাই-বাছাই করেই নির্বাচিত করা হয়, তাই আমাকে অনির্বাচিত বলার সুযোগ নেই।
স্পিকার বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের সমাজের অর্ধেক হচ্ছে নারী। তাই নারীকে অধিক হারে উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেশি করে যুক্ত করতে হবে।
বাংলাদেশ আইন সমিতির সভাপতি একেএম আফজালুল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মুজিবুল হক এমপি, গোলাম মওলা রনি এমপি, সুপ্রিম কোর্টের বিচারপতি মির্জা হোসেন হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইন বিভাগের চেয়ারম্যান শাহনাজ রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোল্লা মো. আবু কাউসার, সাধারণ সম্পাদক শেখ সাইফুজ্জামান জামাল।