গোপালগঞ্জে পল্লী বিদ্যুত্ অফিসে হামলার ঘটনায় গ্রেফতার ১০

গোপালগঞ্জ পল্লী বিদ্যুত্ অফিসে ও প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজারের বাস ভবনে হামলা, ভাংচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের ঘটনায় বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি মোস্তাক হোসেন সেন্টুসহ তিন জনকে গতকাল শনিবার সাত দিন করে রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাতে সংঘটিত এই হামলার ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থান থেকে সাত জনকে গ্রেফতার করে। এ নিয়ে এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করল। আজ রবিবার গোপালগঞ্জের মুখ্য মহানগর হাকিমের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে। গত শুক্রবার বিকালে পুলিশ সেন্টুসহ তিন জনকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গোপালগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সেন্টু বিভিন্ন সময়ে অবৈধ লাইনের তদবিরসহ বিভিন্ন কাজের সুপারিশ করত। কিন্তু কাজ না হওয়ায় তিনি কয়েকবার জিএমকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে লোডশেডিংয়ের অজুহাতে অর্ধশতাধিক লোক সেন্টুর নেতৃত্বে পল্লী বিদুত্ অফিসের গেট টপকে ভেতরে ঢুকে আনসার ও নিরাপত্তা কর্মীদের মারধর করে। পরে জিএমের বাসভবনে হামলা চালায়।