সিলেটে ১৭ ঘন্টা পর ট্রাক মালিক-শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

দীর্ঘ ১৭ ঘণ্টা সিলেট নগরীকে অবরুদ্ধ করে রাখার পর অবশেষে ট্রাক শ্রমিক-মালিকদের ডাকা অবরোধ প্রত্যাহার হয়েছে। গতকাল শনিবার প্রশাসনের সাথে বৈঠক শেষে বেলা ২টায় অবরোধ প্রত্যাহার হলে নগরবাসী যেন হাফ ছেড়ে বাঁচে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রাক মালিক-শ্রমিকদের সাথে প্রশাসনের বৈঠক হয়। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, উপ-পুলিশ কমিশনার এজাজ আহমদ, সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ইলিয়াসুর রহমান, ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল কাহের ইজু ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে ব্যাপক আলাপ-আলোচনা শেষে কতিপয় সিদ্ধান্তের পর অবরোধ প্রত্যাহার হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন ইত্তেফাককে জানান, এখন সন্ধ্যা ৬টার আগে নগরীতে ট্রাক ঢুকতে পারবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নগরীতে ট্রাক চলাচল করবে। রমজান মাসে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত ট্রাক চলাচলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।