বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ফতুল্লায় গার্মেন্টস কর্মী খুন

সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইয়াসমিন (২৫) নামের এক গার্মেন্ট কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার গাবতলী টাগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন টাগারপাড় এলাকায় রূপায়ন সুয়েটার-এর লিংকিং অপারেটর। সে গাবতলী এলাকায় নাজিমউদ্দিন মিয়ার বাড়িতে ভাড়া থাকে। ইয়াসমিন ময়মনসিংহ জেলার নান্দাইল বাসাবো এলাকার আবদুল খালেকের মেয়ে। নিহতের বোন সুফিয়া সাংবাদিকদের জানান, স্থানীয় বখাটে যুবক বিল্লাল গত কয়েকদিন ধরেই ইয়াসমিনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ইয়াসমিন রাজী না হওয়ায় তার উপর ক্ষুব্ধ হয় সে। গতকাল ইয়াসমিন সোয়েটার কারখানা থেকে বের হওয়ার পর গেটের সামনে গতিরোধ করে বিল্লাল। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায় বিল্লাল ধারালো কেচি দিয়ে ইয়াসমিনের পিঠে উপর্যুপরি আঘাত করে। পরে আশপাশের লোকজন ইয়াসমিনকে শহরের খানপুরের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার প্রতিবাদে সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।