মেয়রদের মনে রাখতে হবে নাগরিক সুবিধার উন্নয়নই হচ্ছে বড় রাজনীতি
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:৫৭
চট্টগ্রাম পৌরসভা, পৌর কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে চট্টগ্রাম শহর ও মহানগরীর সেবা কার্যক্রমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল শনিবার নগরীর কমিউনিটি সেন্টার ‘দি কিং অব চিটাগাং’-এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশন নির্বাচন ও এর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। তিনি বলেন, দেশের সিটি কর্পোরেশনগুলোতে যারা নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন নগরবাসীর কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে মনে রাখতে হবে নগর ও জনসুবিধার উন্নয়নের চেয়ে বড় রাজনীতি আর নেই। তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবং রাস্তাঘাটের উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করে এ ব্যাপারে কর্পোরেশন কর্তৃপক্ষের আরো বেশি তদারকি বাড়ানোর পরামর্শ দেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য হাসিনা মান্নান ও রাজনীতিবিদ মাহজাবিন মোরশেদ। অনুষ্ঠানে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষসহ রাশিয়া, ফ্রান্স, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও কূটনীতিকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগরীকে বর্তমান ৬০ বর্গমাইল থেকে ১১০ বর্গমাইলে সমপ্রসারণের জন্য গেজেট নোটিফিকেশন হয়ে আছে। অথচ এই মহানগরীর পরিধি বৃদ্ধিতে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। নগরীতে তীব্র জলাবদ্ধতায় প্রতি বর্ষায় নগরবাসীর সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন তিনি। সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশন মেয়র এম মনজুর আলম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অঞ্চলগত পরিধি নয়, নগরবাসীর সেবার মান বেড়েছে। চট্টগ্রামে বর্তমানে অন্যান্য উন্নয়ন কাজের পাশাপাশি ড্রেনেজ প্রকল্প ও চাক্তাই খাল খনন প্রকল্পের কাজ চলছে। এগুলো বাস্তবায়িত হলে নগরীতে আর জলাবদ্ধতার সমস্যা থাকবে না। তিনি বলেন, গত ২২ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বমোট ৯১৫ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ পেয়েছে।
পরে অনুষ্ঠানে চট্টগ্রাম ‘পৌরসভার ১৫০ বছর পূর্তি’ শীর্ষক একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া ছিল প্রামাণ্য চিত্র প্রদর্শনী, সাবেক মেয়র, প্রশাসক ও চেয়ারম্যানদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। দুপুরে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয় ।