ম্যান্ডেলাকে বহনকারী অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়েছিল
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২৩:০০
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে বহনকারী অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়েছিল। গত দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরবর্তী অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত ওই অ্যাম্বুলেন্সে তাকে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এদিকে গতকাল শনিবার দেশটির সরকার জানিয়েছে, ম্যান্ডেলার অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। খবর বিবিসি ও রয়টার্সের।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মুখপাত্র জানান, অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। পরে সাবেক এই প্রেসিডেন্টকে অপর একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এতে ম্যান্ডেলার চিকিত্সার কোনো ব্যাঘাত ঘটেনি। শান্তিতে নোবেল জয়ী ম্যান্ডেলা সার্বক্ষণিকভাবে নার্সদের তত্ত্বাবধানে ছিলেন বলেও জানান তিনি। আমেরিকার সিবিএস নিউজ জানিয়েছে, ম্যান্ডেলাকে বরফ শীতল তাপমাত্রায় ৪০ মিনিট পরের অ্যাম্বুলেন্সটির জন্য অপেক্ষা করতে হয়েছিল। ফুসফুসে সংক্রমণের কারণে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলাকে চলতি বছরে গত ৮ জুন তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়। দেশটির প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তির পর তার অবস্থার সামান্য পরিবর্তন হয়েছে।