বিভেদ ভুলে এখনই নেতা-কর্মীদের মাঠে নামতে হবে :হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ সব ধরনের বিভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেজন্য নেতাকর্মীদের মধ্যে বিরাজমান সব বিভেদ দূর করে এখন থেকেই কাজ শুরু করতে হবে। গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ মহানগর আওয়ামী লীগের এক বর্ধিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ রবিবার আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণশোভাযাত্রা কর্মসূচি সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। বিএনপি-জামায়াতকে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের সমর্থক হিসেবে উল্লেখ করে হানিফ বলেন, তারা যেন আবারো ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে এখন থেকেই তৃণমূল নেতাকর্মীদের বোঝাতে হবে। শেখ হাসিনা সরকার তার সাড়ে চার বছরে দেশের অনেক উন্নয়ন করেছে। তবে দেশকে পুরাপুরি অসামপ্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তাদের আরো সময় দরকার। তাই বর্তমান সরকারের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেক নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।