ভাণ্ডারিয়ার চরখালী ফেরি শুক্রবার থেকে বন্ধ, দুর্ভোগ চরমে

পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী-টগরার মধ্যে কঁচা নদীতে চলাচলকারী ফেরিটি শুক্রবার থেকে বন্ধ রয়েছে। ঘাটসূত্রে জানা গেছে, খুলনা-পিরোজপুর-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর টগরা ফেরি বিকল হওয়ায় ১৬টি রুটে সড়কপথে যাত্রীবাহী যানবাহনকে অনেক পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বরিশাল ও রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে যাতায়াতের সহজ পথ চরখালী ফেরিটি দীর্ঘদিন ধরে এভাবে জোড়াতালি দিয়ে চলছে। স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে জোয়ার-ভাটায় ২/১ বার পারাপার করা গেলেও শুক্রবার সকাল থেকে গিয়ারবক্স ভেঙ্গে ও রাডার নষ্ট হয়ে ফেরিটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পিরোজপুরসহ দেশের অন্যান্য এলাকার সাথে সহজে গন্তব্যে পৌঁছানোর চরখালী ফেরিটি বিকল থাকায় ভাণ্ডারিয়াসহ দক্ষিণ জনপদের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রলার পার হতে হচ্ছে। গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ফেরি বিভাগের একটি সূত্র জানায়, শনিবার ফেরি মেরামতের জন্য বরিশাল থেকে ইঞ্জিনিয়ার আসার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত আসেনি। বিকল হওয়া ফেরির পরিবর্তে বিকল্পভাবে আরেকটি ফেরি চালু করা হলেও সেটির অবস্থাও ভালো নয়।