পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নারী হওয়ার ব্যাপারে আশাবাদী হিলারি
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২৩:০১
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট একজন নারী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। আর যদি এটা হয় তাহলে শিশু, নারী এবং পুরুষদের সঠিক ঐতিহাসিক বার্তা দেবে। তবে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেই সম্পর্কে কিছু বলেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কানাডার টরেন্টোতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ‘ইউনিক লাইভস অ্যান্ড এক্সপেরিয়েন্স’ শীর্ষক নারীদের সম্মেলনের পর দেয়া একটি সাক্ষাত্কারে এ কথা জানান হিলারি। ওই সাক্ষাত্কার কোনো গণমাধ্যমে প্রচারিত হয়নি। শুক্রবার ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মার্কিন জনগণ একজন নারীকে বেছে নেবে বলে আশা পোষণ করেন হিলারি। প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে বেছে নিলে এটা একটি ‘ঐতিহাসিক ইঙ্গিত’ বলে মনে করছেন তিনি। তিনি বলেন, রাজনীতিতে নারীদের লড়াই করার সাহস থাকা উচিত এবং তাদের ওপর জনগণের আস্থা রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। হিলারি বলেন, আমি সত্যিই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে দেখতে চাই। পরবর্তী নির্বাচনে এটা হবে না কি আরো পরে হবে সেটা নির্ভর করে রাজনীতিতে নারীদের অগ্রগতির ওপর।